সিরাজগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
আপডেটঃ 12:21 pm | August 27, 2019
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় নুর ইসলাম (৩০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অপহরণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো. নাজির এই দণ্ডাদেশ দেন।
আদালতের স্পেশাল পিপি শেখ আব্দুল হামিদ লাভলু রায় ও সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নুর ইসলামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামে।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, গত ২০১৪ সালের ১১ অক্টোবর সন্ধ্যায় নুর পাশের বাড়ির নজরুল ইসলামের শিশু কন্যা ঋতুকে (৮) টেলিভিশন দেখার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান। পরে বাড়ির পার্শ্ববর্তী পটল ক্ষেতে নিয়ে শিশু ঋতুকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে পালিয়ে যান। পরের দিন সকালে ঋতুর মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় ঋতুর মা কোহিনুর বেগম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে নুরের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত মঙ্গলবার এ রায় দেন।


