| |

Ad

বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছে ৩ বিচারপতিকে

আপডেটঃ 4:04 pm | August 23, 2019

অসদাচরণের অভিযোগে হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে বিচারকার্য থেকে সাময়িক বিরত রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বিচারপতিদের নাম উল্লেখ করা হয়নি। জানা গেছে, তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ কে এম জহুরুল হক।

সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যতালিকায় অন্য বিচারপতিদের নাম ও বেঞ্চ নম্বর উল্লেখ থাকলেও গতকাল হাইকোর্টের দৈনন্দিন কার্যতালিকায় এই তিন বিচারপতির নাম রাখা হয়নি। তাই তারা বিচারকাজে অংশ নেননি। তবে কোনো ধরনের দুর্নীতির অভিযোগে তাদের বিচারকার্য থেকে বিরত রাখা হয়েছে বা তাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে কি-না এসব বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে কোনো তথ্য জানানো হয়নি।

তিন বিচারপতির বিরুদ্ধে অভিযোগের তদন্তের বিষয়টি নিয়ে গতকাল সুপ্রিম কোর্ট এলাকায় দিনভর আলোচনা ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষে হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘তিনজন বিচারপতির বিরুদ্ধে

প্রাথমিক অনুসন্ধানের প্রেক্ষাপটে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে তাদের বিচারকার্য থেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা অবহিত করা হয় এবং পরে তারা ছুটির প্রার্থনা করেন।’ ছুটি মঞ্জুর হয়েছে কি-না, তা জানানো হয়নি। পরে সংবাদ বিজ্ঞপ্তি আকারে তা সংবাদকর্মীদের কাছে হস্তান্তর করা হয়। তবে পাঠানো বিজ্ঞপ্তিতে বিচারপতিদের নাম উল্লেখ করেননি সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, তিন বিচারপতির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের অনুসন্ধান বিচার বিভাগের অন্যদের জন্য একটি বার্তা। তিনি বলেন, তিন বিচারপতির বিরুদ্ধে অনুসন্ধানের দায়িত্ব রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির। তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করেই প্রধান বিচারপতি তিন বিচারপতিকে কাজ থেকে বিরত থাকতে এবং তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছেন বলে আমাকে জানিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বিচার বিভাগকে কলুষমুক্ত করতে যা যা করা দরকার, তা-ই করা উচিত। এ ধরনের পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল। তিনি বলেন, আইনজীবীরা চান, সব বিচারপতি বিতর্কের ঊর্ধ্বে থাকুক। আমরা অনেক আগে থেকেই এটা বলে আসছি। বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় ও একে কলুষমুক্ত করতে বারের (আইনজীবী সমিতি) অধিকাংশ সদস্য দাবি করে আসছিলেন।

READ  মদ্যপ অবস্থায় ইভ টিজিং: পুলিশকে জুতাপেটা করলেন তরুণীরা

সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে, উল্লেখিত তিন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করেছেন সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতির নেতৃত্বে তদন্ত চলছে। বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ ওঠার বিষয়ে আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তদন্ত সঠিক প্রক্রিয়ায় করার পরামর্শ দিয়েছেন কেউ কেউ।

এদিকে, তিন বিচারপতি ছাড়াও হাইকোর্টের আরও অনেক বিচারপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। গতকাল বৃহস্পতিবার আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন।

তথ্যসূত্র: দৈনিক সমকাল।